হিপহপ ও ট্র্যাপ মিউজিকের আধুনিক রূপকার ব্রাইটাভিয়াস চেম্বারস ওরফে টে কিথের আকস্মিক প্রয়াণে বিশ্ব সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২৯ বছর বয়সে এই মার্কিন মিউজিক প্রডিউসারের চলে যাওয়া মেমফিস র্যাপ ও গ্লোবাল হিপহপ কমিউনিটিকে এক বড় শূন্যতার মুখে দাঁড় করাল। ট্র্যাভিস স্কটের ‘সিকো মোড’ কিংবা ড্রেকের ‘ননস্টপ’ ও ‘রিচ ফ্লেক্স’-এর মতো বিশ্ব কাঁপানো গানগুলোর ড্রাম বিটস ও সিগনেচার সাউন্ড তৈরি করে রাতারাতি আলোচনায় আসেন টে কিথ। মাত্র ১৪ বছর বয়স থেকে ঘরে বসে শুরু করা টে কিথ পরবর্তী সময়ে বিয়ন্সে, জ্যাক হার্লো ও ডোজা ক্যাটের মতো মেগাস্টারদের প্রিয় প্রডিউসার হয়ে ওঠেন। ২০১৮ সালে নিজের শেকড় মেমফিসে নতুনদের বিশ্বমঞ্চে আনতে তিনি গড়ে তোলেন ‘ড্রামাটাইজড মিউজিক গ্রুপ’, যার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে স্থান পান ফোর্বসের ‘অনূর্ধ্ব-৩০’ প্রভাবশালী তালিকায়। গুণী এই দূরদর্শীর মৃত্যুতে কার্ডি বি ও এমিনেমসহ শীর্ষ তারকারা শোক প্রকাশ করেছেন।