বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী সুইডেন ও নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া সুইডেন এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে জাপানের সঙ্গে ড্র করে টুর্নামেন্টের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে ডাচরা। ফলে ম্যাচটি ‘এফ’ গ্রুপের ভাগ্য নির্ধারণেও বড় ভূমিকা রাখবে।
প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে আসর শুরু করে সুইডিশরা। ১৯৩৮ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে এতগুলো গোল করেনি দলটি। এমন দাপুটে জয় তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে পরের পর্ব অনেকটাই নিশ্চিত হবে সুইডেনের। অন্যদিকে ডাচদের শুরুটা হয়েছে হতাশাজনক। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপে আসা দলটি ড্র করে টুর্নামেন্ট শুরু করে। জাপানের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ায় ৮৯তম মিনিটে গোল হজম করে তারা। এ কারণে কোচ রোনাল্ড কুম্যানকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে নেদারল্যান্ডসের ইতিহাস বেশ সমৃদ্ধ, এখনই তাদের বাতিলের খাতায় রাখার সুযোগ নেই।
দুই দলের মুখোমুখি ২৫ বারের দেখায় এগিয়ে ডাচরা। এখন পর্যন্ত ১২ বার জিতেছে নেদারল্যান্ডস, সুইডেনের জয় ৮টি, আর ড্র হয়েছে ৫টি ম্যাচ। সর্বশেষ তাদের দেখা হয় ২০১৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বে। সে ম্যাচেও নেদারল্যান্ডস ২-০ গোলে জেতে। বিশ্বকাপের মঞ্চে অবশ্য দুই দলের একমাত্র সাক্ষাৎ হয় ১৯৭৪ সালে। কোনো দলই বল জালে জড়াতে পারেনি, গোলশূন্য ড্রয়ে শেষ হয় লড়াই।
এই ম্যাচে সুইডেনের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। তিউনিসিয়ার বিপক্ষে আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস দুজনই পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখার পাশাপাশি গোলও করেন। তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারিও জোড়া গোল করে নিজের সামর্থ্যরে জানান দেন।