রানার্সআপ বাংলাদেশ

দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঝাড়খ-ের রাঁচিতে অনুষ্ঠিত মেয়েদের বিভাগের ফাইনালে বাংলাদেশ ১-২ সেটে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাসাইনদা চৌধুরী, পূজা দাস ও দীপা ম-ল। অন্যদিকে পুরুষ বিভাগের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ ২-০ সেটে ভুটানকে হারিয়ে তৃতীয় হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাসেল ও রাহিদুল ইসলাম অপু। ভারত থেকে এই তথ্য জানান থ্রোবলের কর্মকর্তা বিএম শহিদুজ্জামান।

ডিআরইউ সাঁতার প্রশিক্ষণ শুরু

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের সন্তানদের জন্য সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ডিআরইউর আয়োজনে এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার রাজধানীর ব্রজেন দাস সুইমিং পুলে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল। এ সময় নারী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না এবং সদস্য আখতার হোসেন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।