হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পথ অনেকটাই মসৃণ করে ফেলেছে ব্রাজিল। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট এবং +৩ গোল ব্যবধান নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর টেবিলের শীর্ষে রয়েছে সেলেসাওরা। তবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে বেশ কিছু সমীকরণের সামনে দাঁড়িয়ে কার্লো আনচেলত্তির দল। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ ‘সি’-এর বর্তমান চিত্র এবং ব্রাজিলের নকআউটে যাওয়ার গাণিতিক সমীকরণ।
গ্রুপ ‘সি’-এর বর্তমান পয়েন্ট টেবিল:
ব্রাজিল: ম্যাচ ২ | পয়েন্ট ৪ | গোল পার্থক্য +৩ (৪ গোল করেছে, ১টি খেয়েছে)
মরক্কো: ম্যাচ ২ | পয়েন্ট ৪ | গোল পার্থক্য +১ (২ গোল করেছে, ১টি খেয়েছে)
স্কটল্যান্ড: ম্যাচ ২ | পয়েন্ট ৩ | গোল পার্থক্য ০
হাইতি: ম্যাচ ২ | পয়েন্ট ০ | পার্থক্য -৪ *(ইতিমধ্যেই বিদায় নিশ্চিত)
পরের রাউন্ডে যেতে ব্রাজিলের কী প্রয়োজন?
ব্রাজিলের জন্য নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করার হিসাবটা খুবই সহজ। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কেবল একটি ড্র করলেই সরাসরি শেষ দুইয়ে থেকে পরের রাউন্ডে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচটি ড্র হলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। ফলে ৩ পয়েন্টে থাকা স্কটল্যান্ড কোনোভাবেই ব্রাজিলকে টপকাতে পারবে না।
তবে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তবে তারা ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরে চলে যাবে। সেক্ষেত্রে ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর ফলাফলের দিকে।
পরের রাউন্ডে ওঠার চেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশি জটিল ব্রাজিলের। কারণ সমান ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আফ্রিকান পরাশক্তি মরক্কো। গ্রুপ সেরা হতে ব্রাজিলকে নিজেদের ম্যাচের পাশাপাশি মরক্কো বনাম হাইতি ম্যাচের ফলের দিকেও নজর রাখতে হবে।
ব্রাজিল ড্র করলে
স্কটল্যান্ডের সংগে ব্রাজিল যদি ড্র করে, তবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রার্থনা করতে হবে যেন মরক্কো হাইতির বিপক্ষে জিততে না পারে। মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয়, তবে তাদের পয়েন্ট হবে ৭ এবং ব্রাজিলের হবে ৫। ফলে মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
ব্রাজিল এবং মরক্কো দুই দলই জিতলে
যদি শেষ ম্যাচে ব্রাজিল ও মরক্কো উভয় দলই জয় পায়, তবে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৭। যেহেতু এই দুই দলের মুখোমুখি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে *গোল ব্যবধানের ওপর ভিত্তি করে। বর্তমানে গোল ব্যবধানে ব্রাজিল (+৩) মরক্কোর (+১) চেয়ে এগিয়ে আছে।
মরক্কো যদি হাইতিকে ব্রাজিলের জয়ের ব্যবধানের চেয়ে অন্তত ২ গোল বেশি ব্যবধানে হারাতে পারে, তবেই তারা ব্রাজিলকে পেছনে ফেলতে পারবে। যেমন—ব্রাজিল যদি স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায়, তবে মরক্কোকে গ্রুপ সেরা হতে হাইতিকে অন্তত ৩-০ বা তার বড় ব্যবধানে হারাতে হবে। যদি মরক্কোর জয়ের ব্যবধান ঠিক ২ গোল বেশি হয়, তবে টুর্নামেন্টে মোট গোল সংখ্যার ওপর ভিত্তি করে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
এখন দেখা যাক গ্রুপে ব্রাজিল কোন অবস্থান পেলে নকআউটে কার সাথে খেলতে পারে
- ব্রাজিল ১ম (সি১) হলে খেলবে এফ২ (নেদারল্যান্ডস/সুইডেন রানারআপ হলে) এর সাথে।
- ব্রাজিল ২য় (সি২) হলে খেলবে এফ১ (নেদারল্যান্ডস/সুইডেন চ্যাম্পিয়ন হলে) এর সাথে।
- ব্রাজিল ৩য় (সি৩) হলে খেলবে ই১ (সম্ভাব্য জার্মানি) অথবা আই১ (সম্ভাব্য ফ্রান্স) এর সাথে (যদি সমীকরণ মিলে যায়)।