৮ মাসের শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় আট মাস বয়সী এক শিশুকে জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৯ জুন) উপজেলার দুল্লা ইউনিয়নের কেশবপুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শিশু সৌরভের মা শাহনাজ আক্তার পারিবারিক কলহের জেরে শিশুটিকে কবর দেওয়ার উদ্দেশ্যে ওই গর্ত খুঁড়েছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ জানায়।

প্রতিবেশীদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১৮ জুন রাতভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলতে থাকে। রাত প্রায় ১২টা পর্যন্ত স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তাদের অভিযোগ, পারিবারিক কলহের সময় শিশু সৌরভ প্রায়ই নির্যাতনের শিকার হতো।

প্রতিবেশী শাবনুর আক্তার বলেন, সৌরভ ছোটবেলা থেকেই মায়ের অবহেলার শিকার। শিশুকালে তাকে ঠিকমতো দুধ খাওয়ানো হতো না। বিভিন্ন সময় তাকে মারধরের ঘটনাও ঘটেছে। তার বাবা সবসময় শিশুটিকে রক্ষা করার চেষ্টা করতেন।

শিশুটির বাবা হারুন মিয়া বলেন, আমার স্ত্রী প্রায়ই বলত সে সন্তান লালন-পালন করবে না। সামান্য বিষয় নিয়েও ছেলের ওপর নির্যাতন চালাত। এঘটনাও তারই অংশ।

দুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জবেদা খাতুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ দেখা দিত। শাহনাজ আক্তার পেশায় বিড়ি তৈরির কারিগর। তিনি দীর্ঘদিন বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

অভিযোগ অস্বীকার করে মা শাহনাজ আক্তার বলেন, আমি আমার ছেলেকে কবর দিতে চাইনি। সকালে রাগের মাথায় গর্ত খুঁড়েছিলাম। সন্তানদের প্রতি অবহেলার অভিযোগও সঠিক নয়।এছাড়া তার সন্তান তার দাদির কাছেই বেশি সময় থাকত বলে দাবি করেন তিনি।

এবিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।