যুক্তরাষ্ট্রের পক্ষে থাকার বিষয়ে বাংলাদেশ ‘ভুল করতে পারে না’: রাষ্ট্রদূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরে কী হতে পারে, তা জানতে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও সুইডেনসহ বিভিন্ন দেশ। এরমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতগণ এবং যুক্তরাজ্যের হাইকমিশনার আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার সময় ‘কী আলাপ হয়েছে’ সাংবাদিকরা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টেনে কূটনৈতিক পন্থায় জবাব দেন।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে, এ তথ্য দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থনের জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে উৎসাহিত করেছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরার ক্ষেত্রে তোমরা ‘মোটেই ভুল করতে পার না’।