হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ৪ আসামি ফের গ্রেপ্তার, থানায় মামলা

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত থেকে চার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনতাইয়ের পর ফের তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) রাতে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২), একই এলাকার শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫) ও একই এলাকার দিপু ইসলাম (৩৭)। দিপু পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ছিলেন। এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনকালে চারজনকে আটক করা হয়। তাদের কাছে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবাসহ কিছু মাদকসেবন সামগ্রী পাওয়া যায়। পরে তাদের শের-ই-বাংলা পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আসামিদের গাড়িতে তোলা হলে ২৫ জন লোক তাদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাদের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবারও আটক করা হয়। এসময় দুটি কাটা হ্যান্ডকাটও পাওয়া যায়। রাতে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে পঞ্চগড় সদর থানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন । 

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা দিপু ইসলাম বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে রাস্তা থেকে ধরে আনা হয়েছে। আমি ওদের সঙ্গে ছিলাম না।

পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, আমরা পঞ্চগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।