ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ১নং ওয়ার্ডের হামজার টিলা এলাকায় মুক্তিযোদ্ধার বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে বাড়ির সিঁড়ির নিচের অংশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি এক আত্মীয়ের কাছে জমি বিক্রির পর ওই সম্পত্তি নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার বাবা কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। এছাড়া উল্লেখযোগ্য পারিবারিক কোনো সমস্যা ছিল না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি জমি-সংক্রান্ত একটি দেওয়ানি মামলাও চলমান ছিল। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফটিকছড়ির সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর খায়রুল বশর চৌধুরী।