ইরান ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানি করবে!

যুদ্ধপূর্ব উৎপাদন সক্ষমতা এবং বর্তমান বাজারদর বিবেচনায়, তেল বিক্রি থেকে ইরান বছরে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে পারে। এতে দেশটির অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা তেরি হয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য আবারও উন্মুক্ত হতে পারে তেল ও জ্বালানি রপ্তানির বড় বাজার। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। 

সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিত হিসেবে কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে বন্দর ছেড়ে যাত্রা শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি, চলতি সপ্তাহে, সেগুলোর কিছু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলেও দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের প্রত্যাশিত তেল রপ্তানির পুনরায় শুরু হওয়ার একটি প্রাথমিক সংকেত হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। তবে আজ শনিবার লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে নতুন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

ইরান যুদ্ধ অবসানের জন্য এ যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। স্টিভ উইটকফ ও আব্বাস আরাগচির নেতৃত্বে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হবে। চলতি সপ্তাহে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারককে একটি দীর্ঘমেয়াদি আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

অন্যদিকে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর আজ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে। লেবাননে সংঘাত বন্ধ হওয়াটা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের আলোচনার পূর্বশর্ত। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য জটিল বিরোধপূর্ণ বিষয় সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি আবার চালু করা এবং বৈশ্বিক তেল সরবরাহ স্থিতিশীল রাখার জন্য একটি দীর্ঘস্থায়ী চুক্তি করাও এর লক্ষ্য।