রাজধানীতে ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

আজ শনিবার বেলা ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী তোফায়েলকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তোফায়েলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। এলাকায় একটি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষা দেয়ার কথা রয়েছে তার।

তার ভগ্নিপতি রাইতুল ইসলাম জানান, শুক্রবার গ্রাম থেকে তোফায়েল হাজারীবাগে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। ধানমন্ডিতে তার একটি গানের প্রোগ্রাম ছিল। আজ দুপুরে আবার গ্রামে ফিরে যাওয়ার জন্য কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে রওনা হন। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগির ভিতরে থাকা ৩-৪ ছিনতাইকারী দুই বগির মাঝের দরজার সামনে তার পকেটে হাত দিয়ে আইফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তোফায়েলের কোমরে আঘাত করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়।

তবে ফোনটি নিতে পারেনি। খবর পেয়ে বোন ও ভগ্নিপতি তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই যুবকের কোমরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।