নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আয়েশা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়াড়া গ্রামের ওহিদ শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নের আড়িয়াড়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে পার্শ্ববর্তী চর আড়িয়াড়া গ্রামে তার নানা বাড়ি মবজেল শেখ ওরফে মন্নু শেখের বাড়িতে বেড়াতে যায়। এরপর শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা আয়েশাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুর ইউনিয়নের মেম্বার হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি।