বহিষ্কৃত সেই ছাত্রদল নেতা বুলবুল গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখ টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার বুলবুল কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব এবং উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে। র‌্যাব-১৩ এর একটি দল তাকে গ্রেপ্তারের পর কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে পুলিশ আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে এই অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মামলার বাদী রবিউল ইসলাম ও প্রধান সাক্ষী মিস্টার আলী মোটরসাইকেলযোগে চাপারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গুরুদয়াল চৌপথি মোড়ে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের পথরোধ করে। পরে তাদের জোরপূর্বক অপহরণ করে বুলবুলের একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।