পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সমাবেশ

সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলা শাখা। গতকাল শনিবার দেশজুড়ে পূর্বনির্ধারিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ ও মিছিল থেকে ধর্ম অবমাননাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

ঢাকায় সকালে জাতীয় প্রেস  ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দেশে এ কর্মসূচির আয়োজনে সহযোগিতা করে। ঢাকায় ঐক্য পরিষদের পাশাপাশি মহানগর সার্বজনীন পূজা কমিটি এ কর্মসূচিতে অংশ নেয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জেএল ভৌমিক, জয়ন্ত কুমার দেব, ডিএন চ্যাটার্জি, রঞ্জন কর্মকার, মনীন্দ্র কুমার নাথ, শ্যামল কুমার রায় প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মিলন কান্তি দত্ত, শৈলেন্দ্রনাথ মজুমদার, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।