সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহন তালুকদার আত্মসমর্পণ করেছেন। গত শুক্রবার রাত ১টার দিকে মোহনগঞ্জ থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আত্মসমর্পণের সময় মহন তালুকদার নিজেকে নির্দোষ দাবি করে জানান, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করছি। আশা করছি, তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসবে।’

অভিযুক্ত মহন তালুকদার পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে ঘরে শিশুটি ও তার ছোট দুই বোন ছিল। এ সময় প্রতিবেশী স্বেচ্ছাসেবক দল নেতা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখে। চলতি বছরের ১২ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং তার শারীরিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে একপর্যায়ে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়।

পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল আদালতে অভিযোগ করেন। আদালত মোহনগঞ্জ থানাকে মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনার পর গত ২ মে ধর্ষণের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার পর থেকেই আসামি গাঢাকা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। তাকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। এর মধ্যে গত শুক্রবার রাতে তিনি থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।