চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা ২০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। গতকাল শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠকের পর দুপুর ১২টার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেন।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রথমে সীমান্ত পিলার ১৭৭-এর এস-২ এবং পরে ১৭৮-এর এস-৩ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর বিএসএফ পুশইনের চেষ্টা করা ১১ নারী, পাঁচ পুরুষ ও চার শিশুকে ভারতের ভেতরে ফেরত নিয়ে গেছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদারসহ জনবল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।