মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত শুক্রবার মধ্যরাতের পর এ অভিযান পরিচালিত হয়।  গতকাল ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ বাংলাদেশি পুরুষ রয়েছেন। এ ছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ নারী। অভিযানে ৩২০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মালয়েমিয়ার ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকার অভিযোগ আনা হয়েছে।