সোমবারই কি বিদায় নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার?

যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিটিশ পত্রিকা অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, তিনি তার বিদায়ের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করে দিতে পারেন। তবে সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে তার সরকারের দৈনন্দিন দায়িত্ব পালন এবং দেশের কাজে পুরোপুরি মনোযোগী রয়েছেন।

গত কয়েক মাস ধরেই নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ছিলেন স্টারমার। তবে গত শুক্রবার এই সংকট চরম আকার ধারণ করে। এদিন লেবার পার্টির সদস্য অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয়লাভ করেন। এই জয়ের ফলে তিনি দলের প্রধান হিসেবে স্টারমারের নেতৃত্বের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। অবজারভারের দাবি, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্টারমার তার স্ত্রীর সঙ্গেও পরামর্শ করেছেন। এখন লেবার পার্টির সিনিয়র নেতারা তার কাছ থেকে একটি স্পষ্ট বিবৃতির অপেক্ষায় রয়েছেন।

নেতৃত্বের ওপর আসা এই চ্যালেঞ্জ মোকাবিলায় গত শুক্রবার স্টারমার বলেছিলেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি নিজ দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, অভ্যন্তরীণ কলহে যেন দল ছিন্নভিন্ন না হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি নির্বাচনে বিশাল জয় পেয়েছিল। কিন্তু মাত্র দুই বছরের মাথায় তার জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সাধারণ ভোটারদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন, তা পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে তার টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন।