যুক্তরাজ্যে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। খবর: আনাদোলু

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

ফায়ার বিভাগ আরও জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে তিনজন পুরুষকে ভবন থেকে বের করে আনা হয় এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তাদের সহযোগিতায় কাজ করছে স্থানীয় পুলিশও।