এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন এই পাবলিক পরীক্ষা শতভাগ শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।

এই সভায় ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদেরও এই সভায় উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যকে সামনে রেখে এ সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।