ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় ‘ককরোচ জনতা পার্টি’

ভারতের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সমর্থকরা। শনিবার পার্লামেন্টের কাছে অনুষ্ঠিত এ বিক্ষোভে শত শত শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। তারা স্টিলের থালা-বাসন ও চামচ বাজিয়ে পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এ সময় নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশ ড্রোন ও ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

গত মাসে দেশের একটি জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামের মাধ্যমে ফাঁস হয়ে যায়। পরে পরীক্ষা স্থগিত করা হয় এবং টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। সরকার জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিক্ষোভে বলেন, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলনের সূচনা হয় মে মাসে। তখন ভারতের সুপ্রিম কোর্টের এক বিচারপতি বেকার যুবকদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অনেক তরুণ এই শব্দটিকেই প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনটির অনুসারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছেছে।

শুধু পরীক্ষায় অনিয়ম নয়, বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের জবাবদিহির প্রশ্নেও সোচ্চার হচ্ছে এই আন্দোলন। ব্যঙ্গ, হাস্যরস এবং রাজনৈতিক সমালোচনার মিশেলে গড়ে ওঠা সিজেপি ইতোমধ্যে ভারতের তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।