সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বাসস্থান (ইকামা), শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে সৌদি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জনকে আটক করা হয়েছে আবাসন বা বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন সংক্রান্ত বিভিন্ন অপরাধে আরও ২ হাজার ৮৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টাকালে মোট ১ হাজার ৬৬৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৩ শতাংশই ইথিওপিয়ার নাগরিক, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার সময় আরও ৫৪ জনকে আটক করা হয়েছে।

অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ দেওয়া, থাকার জায়গা বা যাতায়াতের সুবিধা দেওয়ার অপরাধে ২৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে বা থাকতে যেকোনো উপায়ে সাহায্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই অপরাধের সর্বোচ্চ সাজা ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা।

একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা আইন লঙ্ঘনের তথ্য জানাতে অনুরোধ করেছে।