ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাস ও ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট দুই শীর্ষ অপারেটিভকে হত্যা করেছে, যারা সংগঠন দুটির একটি বড় অর্থায়ন নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।
রবিবার (২১ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, নিহত দুই ব্যক্তি হলেন হুসেইন কাদরা এবং মোহাম্মদ ফারা। তাদের একজন হামাসের সামরিক শাখা এবং অন্যজন ইসলামিক জিহাদের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
ইসরায়েলের দাবি অনুযায়ী, কাদরা ও ফারা যৌথভাবে একটি অর্থায়ন নেটওয়ার্ক পরিচালনা করতেন। হুসেইন কাদরা হামাসের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় কাজ করতেন এবং এই নেটওয়ার্কের মাধ্যমে হামাসের কাছে ৫০ কোটিরও বেশি শেকেল অর্থ স্থানান্তরে ভূমিকা রাখেন।
ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এই অর্থায়ন নেটওয়ার্ক হামাসের সামরিক কার্যক্রম পরিচালনা ও সংগঠনের সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
তবে এ বিষয়ে হামাস বা ইসলামিক জিহাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।