সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২১ জুন) এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরানোর এ আদেশ জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সিলেটে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা ও নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

এর আগে গত বছরের ১৮ আগস্ট তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২১ তারিখ ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ওই পদে যোগ দেন। সিলেটে যোগদানের আগে সারওয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম। ভেজাল, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত হয়েছেন এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। এরপর তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।

২৭তম বিসিএসের মাধ্যমে ২০০৮ সালে প্রশাসনে কর্মজীবন শুরু করেন মো. সারোয়ার আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।