কাতারে নিহতদের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস প্রতিমন্ত্রীর

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

রবিবার (২১ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে।

এর আগে, স্থানীয় সময় রবিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটে। তারা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।