২০ দিনে ঢাকায় গ্রেপ্তার ১৫৩৭ অপরাধী 

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জুনের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে।

চলতি জুন মাসের ১ তারিখ হতে ২০ তারিখ পর্যন্ত বিগত ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ যাবৎ সর্বমোট ১,৫৩৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

ডিএমপি সূত্রে জানা যায়, এই বিশেষ অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে, যার মধ্যে ১ জন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকা বহির্ভূত চাঁদাবাজ। এছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই ২০ দিনে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 

ডিএমপি সূত্রে আরও জানা যায়, মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত ঢাকা গড়তে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।