বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। এই বিধ্বংসী জয়ের পর ডাচ কোচ রোনাল্ড কোম্যান তাঁর ভবিষ্যৎ প্রতিপক্ষ নিয়ে এক বিস্ফোরক ও অকপট মন্তব্য করেছেন। রাউন্ড অব ৩২-এ সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল নাকি মরক্কো—কাকে পছন্দ, এমন প্রশ্নে দুই দলকে একই কাতারে রাখলেন তিনি।
গ্রুপ 'এফ'-এ ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী, এই গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ 'সি'-এর রানার্স-আপ দলের সাথে, যেখানে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। অন্যদিকে, গ্রুপ 'সি'-এর শীর্ষে থাকা ব্রাজিল মুখোমুখি হতে পারে সুইডেনের (গ্রুপ 'এফ'-এর দ্বিতীয় স্থান)।
মরক্কো ও ব্রাজিলের মধ্যকার ঐতিহাসিক ব্যবধানকে একপাশে সরিয়ে রেখে ৬৩ বছর বয়সী ডাচ কোচ কোম্যান বলেন, 'আমার কোনো বিশেষ পছন্দ নেই। ব্রাজিল এবং মরক্কো দুই-ই দুর্দান্ত দল। আমি একটিকে অন্যটির চেয়ে শক্তিশালী মনে করি না। আর সে কারণেই প্রথম রাউন্ডে ওদের ম্যাচটি ড্র হয়েছিল। প্রথমার্ধে মরক্কো দুর্দান্ত খেলেছে, আর দ্বিতীয়ার্ধে ব্রাজিল ভালো করেছে।'
নেদারল্যান্ডস আগামী বৃহস্পতিবার (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে, গ্রুপ 'সি'-তে আগামী বুধবার (২৪ জুন) ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং মরক্কো লড়বে হাইতির বিরুদ্ধে।