মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটকে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে বিশেষ আলোচনা ও আইনি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক দশকে বিশ্বের কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে, সে বিষয়েও সরকার পরিকল্পনা করছে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর দেশটিতে এসে তিনি পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন এবং এতে বাংলাদেশি শ্রমিকদেরও ভূমিকা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে দায়িত্বশীল আচরণ করতে পারলে নিজ দেশকেও কেন একইভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না।

প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই তিনি এ সফরে এসেছেন। সফরকালে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং নতুন শ্রমিক নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।