ব্রাজিল শিবিরে বড় স্বস্তির খবর। শেষ হতে চলেছে এক দীর্ঘ নাটকীয়তা। দীর্ঘদিনের ইনজুরি ও মাঠের বাইরে থাকার ধকল কাটিয়ে আজ রবিবার প্রথমবারের মতো দলের বাকি ফুটবলারদের সাথে কোনো রকম বিধি-নিষেধ ছাড়াই পুরো অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র।
গত কয়েক দিন ধরে নেইমার মাঠে হালকা অনুশীলন করলেও তা ছিল বেশ সীমিত। তবে রবিবারের অনুশীলনে তিনি বুট পায়ে মাঠে নামেন, দলের সাথে গা গরম (ওয়ার্ম-আপ) করেন এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা প্রথম ১৫ মিনিটের বল ট্র্যাকিং সেশনেও স্বাভাবিকভাবে অংশ নেন।
আগামী বুধবার (২৪ জুন) মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ পাবে সেলেসাওরা। নতুন কোনো শারীরিক সমস্যা দেখা না দিলে নেইমার এই দুই দিনই দলের সাথে পূর্ণ অনুশীলন করবেন এবং স্কটল্যান্ড ম্যাচে কোচের বিবেচনায় থাকবেন।
তবে গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার পর থেকে দীর্ঘ ইনজুরির কারণে পুরোপুরি ম্যাচ ফিটনেস না থাকায় স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ধারণা করা হচ্ছে, তিনি বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং ম্যাচের শেষ দিকে অল্প কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন।
নেইমারের ফেরার দিনে ব্রাজিল শিবিরের জন্য বড় ধাক্কা উইঙ্গার রাফিনিয়াকে না পাওয়া। ডান ঊরুর পেশীর চোটের কারণে বার্সেলোনার এই ফরোয়ার্ডের নিবিড় চিকিৎসা চলছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মতে, মাঠে ফিরতে তাঁর কমপক্ষে আরও দুই সপ্তাহ সময় লাগবে।
এছাড়া প্রথম ম্যাচের পর খেলোয়াড়দের ধকল সামলাতে এবং পেশীর ওপর অতিরিক্ত চাপ কমাতে রবিবারের মূল অনুশীলন থেকে সাতজন নিয়মিত স্টার্টারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা জিম ও রিকভারি সেশন নিয়ে ব্যস্ত ছিলেন। বিশ্রামে থাকা এই সাত তারকা হলেন:
রক্ষণভাগ:দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও দগলাস সান্তোস।
মিডফিল্ড ও আক্রমণভাগ: কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও মাথেউস কুনহা।