কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে এ হাসপাতালের কার্যক্রম অতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এ হাসপাতালের মাধ্যমে লাখ লাখ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।

চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালের কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। আশা করি, সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।