দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলেন ৬১ জন নবীন কর্মকর্তা। গতকাল রবিবার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে তিনি বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন।
নৌবাহিনীপ্রধান নবীন কর্মকর্তাদের ‘সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের’ মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের যেকোনো প্রয়োজনে আত্মনিবেদনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
এর মধ্য দিয়ে নৌবাহিনীর ২০২৩-বি ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬-এ ব্যাচের ৭ জন সরাসরি কমিশন্ড অফিসারসহ মোট ৬১ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান সব বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ পান। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন।