অজুর সময় বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক ছাত্র। গতকাল রবিবার মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এদিন বজ্রপাতে ঢাকার সাভারে ও মানিকগঞ্জের সিঙ্গাইরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাভারে ক্ষেতে কাজ করার সময় মৃত্যু হয়েছে তিনজনের। সিঙ্গাইরে মারা গেছেন দুজন। 

নরসিংদী প্রতিনিধি জানান, মনোহরদীতে বজ্রপাতে নিহত শিক্ষার্থীরা হলোÑ জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সবাই ছিল ওই মাদ্রাসার শিক্ষার্থী।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনকে মৃত অবস্থায় পাই।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে চার ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল বিকেলে ক্ষেতে কাজের সময় বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজন মারা গেছেন। নিহতরা হলেনÑ বনগাঁও ইউনিয়নের পাঁচআনিপাড়া গ্রামের দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫) ও মো. দুলাল (৬০)। আরেকজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, বনগাঁও ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। অপর একজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।  

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় সন্ধ্যায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ কাঞ্চননগর গ্রামের কবির হোসেন (৩০) এবং শহিদুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কবির ও শহিদুল বৃষ্টির মধ্যেই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সাভারের হেমায়েতপুরে জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।