প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার

সাংবাদিক রেজানুরের জামিন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম। গতকাল রবিবার দুপুরে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তানজিম আল মেজবা জানান, বাদীপক্ষের আইনজীবীর আপত্তি না থাকায় চার্জশিট না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছেন। এর আগে গত ১৮ জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী জানা গেছেÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে গত ১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন মামলা করেন। মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা জানান, রবিবার বেলা ১২টার দিকে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এ সময় রেজাওয়ানুর ইসলাম কারাগারে ছিলেন।

এদিকে গত শুক্রবার রাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক বিবৃতিতে জানান, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচার করা হচ্ছে। তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। বিবৃতিতে প্রতিমন্ত্রী দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চার সাংবাদিককে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন।