বাংলাদেশ ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ফোরামের সদস্য ও সমর্থকেরা। পরে মিছিলটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি কোটি কোটি আমানতকারীর আস্থা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং গ্রাহকদের উদ্বেগের কারণে ব্যাংকটির সুনাম ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।

ফোরামের নেতারা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার এবং সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা বাংলাদেশ ব্যাংককে ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- অংশীজনদের মতামতের ভিত্তিতে দক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংকের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রকাশ, দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।