মাদারীপুরে রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহারের জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। পথে টেকেরহাট সেতুর ঢালে আসলে ট্রাকের পেছনের চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় ।
মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, সোমবার (২২ জুন) সকালে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক থানা হেফাজতে রাখা আছে।