সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সহিদ সরদার, আশঙ্কামুক্ত

সাউথ বাংলা নিউজ পোর্টালের সম্পাদক ও জিটিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সহিদুল ইসলাম সহিদ সরদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে দুমকি উপজেলার দক্ষিণ দুমকিস্থ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে পটুয়াখালী শহরের উদ্দেশে রওনা হন তিনি। পথে শিয়ালী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এদিকে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্বজনরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।