মহাসড়কে নারীর মরদেহ, পাশেই পড়েছিল লাল বেনারসি শাড়ি

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহর পাশে একটি লাল বেনারসি শাড়ি পাওয়া যায়। সোমবার (২২ জুন) ভোরে কোনাবাড়ী মফিজ মোড় এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহর পাশেই একটি বিয়ের লাল বেনারসি শাড়ি পড়ে ছিল।

এবিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।