আদালতে হাজিরা দিলেন না আল্লু অর্জুন

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনী ঘিরে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে সোমবার (২২ জুন) সশরীরে আদালতে হাজির হননি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে আদালতের অনুমতি নিয়ে তিনি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন। 

সপ্তাহের প্রথম কার্যদিবসে মামলার শুনানির জন্য আদালত আল্লু অর্জুনকে হাজির থাকার নির্দেশ দিয়েছিল। তবে অভিনেতার আইনজীবী আদালতকে জানান, নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। সে কারণেই ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। 

আইনজীবীর দাবি, আগেই এ বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই আদালতের অনুমতি নিয়ে অনলাইন মাধ্যমে শুনানিতে অংশ নেন অভিনেতা। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়। আল্লু অর্জুনকে একনজর দেখার আশায় হাজারো ভক্ত থিয়েটারের বাইরে ভিড় করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনায় রেবতী নামে এক নারী নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

তদন্ত শেষে হায়দরাবাদ পুলিশ এ ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণে একাধিক গাফিলতি ছিল। নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।