প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ২০০১ সালে প্রস্তাবিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২২জুন) দুপুর ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় আয়োজিত মানববন্ধন সমাবেশ কর্মসূচি চলাকালে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীকে দূরবর্তী অঞ্চলে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হচ্ছে, যা তাদের ও পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

বক্তারা দাবি করেন, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও রেলস্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।
বক্তারা অবিলম্বে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকাতেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে সকল ষড়যন্ত্র ও কূটকৌশল রুখে দিতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ইসলামী বক্তা মাওলানা আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিক, অধ্যক্ষ জাফর আলমগীর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, যুবদল সভাপতি বেলাল হোসেন বাবু, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া না করা হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।