প্রায় তিন বছর পর ঢাকার মঞ্চে আসছে হৃৎমঞ্চ প্রযোজিত নাটক ‘হ্যাপি ডেজ’। নাটকটির প্রযোজনা সহযোগী মণিপুরি থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৬ ও ২৭ জুন (শুক্র ও শনিবার) ছুটির আমেজে সন্ধ্যা ৭টায় এর দুটি মঞ্চায়ন হবে। অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, ‘ওয়েটিং ফর গডো’খ্যাত নোবেলজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’ এর অনুবাদ করেছেন কবীর চৌধুরী । অভিযোজন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
জনপ্রিয় এ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় নারীর জীবনের দৈনন্দিন অদ্ভুত ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি ফুটে ওঠে। মূল টেক্সটে দু’একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘন্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না।
'হ্যাপি ডেজ' মূলত মানুষের আনন্দময় এক জীবনের নিষ্ফল চির-আকাঙ্ক্ষার প্রতীকী নাটক। ঘন্টাব্যাপি এ নাটকে আলোক পরিকল্পনায় আসলাম অরণ্য, সেট শাহনাজ জাহান ও আরিফ শাকিল, সংগীত নিয়ন্ত্রণে হুমায়ুন আজম রেওয়াজ। ২০১৯ সালে ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মঞ্চে এসেছিল নাটকটি। দেশে ও দেশের বাইরে অসংখ্য প্রদর্শনী হয়েছে।