৯৯৯-এর কলে অস্ত্র উদ্ধার ও মাদক কারবারি গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাজশাহীতে বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার এবং চাঁদপুরে ইয়াবাসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার জাতীয় জরুরি সেবার মুখপাত্র পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীতে ৯৯৯ নম্বরে ফোন করে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামে এক ব্যক্তি জানান তাকে গুলি করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাসা থেকে দ্রুত সহায়তা চান। খবর পেয়ে শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়।

বলা হয়, সেখানে আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোসা, গানপাউডার, ছুরি, বিস্ফোরক তৈরির উপাদান এবং একটি হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

অন্যদিকে, চাঁদপুরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৯৯৯-এর সহায়তায় এক আইনজীবীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন করে একনারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদক সেবন করেন এবং প্রায়ই তাকে মারধর করেন। অভিযোগে তিনি আরও জানান, ওই সময় তার স্বামী বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে বিপুল পরিমাণ মাদক রয়েছে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি চাঁদপুর সদর থানাকে জানানো হলে এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনির একটি বাড়ি থেকে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এমরানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।