পেনাল্টি মিস করে দার্শনিক হয়ে গেলেন মেসি

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাসের এই ম্যাচে জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের ইতিহাসের এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। তবে এই মহাকাব্যিক কীর্তির রাতেও প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করায় বেশ পুড়তে হয়েছে এলএমটেন-কে।

ম্যাচ শেষে পেনাল্টি মিসের সেই মুহূর্ত এবং নিজের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের পেনাল্টি মিসের ঘটনাটি নিয়ে মেসি বলেন,  "পেনাল্টি মিস করার ওই মুহূর্তটিতে আমি সত্যিই ভীষণ রেগে গিয়েছিলাম (নিজের ওপর)। তবে আমরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলাম, এগিয়ে গিয়েছি এবং শেষ পর্যন্ত ৩টি মূল্যবান পয়েন্ট নিশ্চিত করেছি—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

পেনাল্টি মিসের হতাশা ভুলে ম্যাচে জোড়া গোল করা নিয়ে কিছুটা দার্শনিক সুরেই এই কিংবদন্তি যোগ করেন, "আজকে পেনাল্টিটা পেলে আমাদের লিডটা আরও বাড়ত। তবে আমি যদি ওটা গোল করতাম, হয়তো পরের দুটি গোল আর পেতামই না! আপনি তো আর আগে থেকে কিছু জানতে পারবেন না। তাই যা ঘটেছে তা এক দিক থেকে দুর্দান্ত। দলের পারফরম্যান্স, সবার কঠোর পরিশ্রম আর এই ফলাফলে আমি ভীষণ খুশি।"

টানা দুই জয়ে ৬ পয়েন্ট টেবিল নিয়ে গ্রুপ পর্ব পার করাকে অসাধারণ হিসেবে বর্ণনা করেছেন মেসি। তিনি বলেন, "টানা দুই জয় আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। তবে কাজটা সহজ ছিল না, কারণ বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব ক্লোজ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কেউই এক ইঞ্চি জমি ছেড়ে দেয় না। এই ৬ পয়েন্ট আমাদের আগামী সপ্তাহটা কিছুটা চাপমুক্ত হয়ে পার করার শান্তি দেবে।"

নিজের ষষ্ঠ বিশ্বকাপকে দারুণভাবে উপভোগ করছেন জানিয়ে মেসি আরও বলেন, "আমরা যখন জাতীয় দলে একসাথে আসি, প্রতিটি দিন দারুণ উপভোগ করি। মাঠের এই পারফরম্যান্স এবং সমর্থকদের এই উল্লাস ধরে রেখে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।"