বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গত ২১ জুন অনুষ্ঠানটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে ব্যাংকের অব্যাহত অগ্রগতি, সাফল্য ও সমৃদ্ধি কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (ডিএমডি অ্যান্ড সিআরও) মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ডিএমডি অ্যান্ড সিটিও) মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
বক্তব্যে ইমতিয়াজ উদ্দিন আহমেদ ব্যাংকের মূল্যবান গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত ১৩ বছরে ব্যাংকের অগ্রযাত্রায় তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ব্যাংকটি তার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে এবং সারা দেশের গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে। একই সঙ্গে সর্বোচ্চ মানের সেবা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।