যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মেকারফিল্ড আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। এ সময় হাউস অব কমন্সে উপস্থিত লেবার দলের এমপিরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে স্বাগত জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত মেকারফিল্ড উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন বার্নহ্যাম। পরে তিনি জানান, স্টারমারের উত্তরসূরি হিসেবে লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে তার।
লেবার এমপি জশ সাইমন্স পদত্যাগ করায় এই উপনির্বাচনের আয়োজন করা হয়। বার্নহ্যাম এর আগে ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত পার্শ্ববর্তী লি আসনের এমপি ছিলেন। এরপর তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করেন।
শপথ গ্রহণের সময় বার্নহ্যামকে অভিনন্দন জানান সহকর্মীরা। এ সময় কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী ডেসমন্ড সোয়েন কৌতুক করে বলেন, 'রোম রক্ষা পেল।'
পরবর্তীতে ওয়েস্টমিনস্টার হলে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তিনি। সেখানে প্রায় ২০০ লেবার এমপি উপস্থিত ছিলেন। দলটির শীর্ষ নেতাদের মধ্যে র্যাচেল রিভস, জোনাথন রেনল্ডস, স্টিভ রিড ও নিক থমাস-সাইমন্ডসকে সামনের সারিতে দেখা যায়। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া কিয়ার স্টারমার।
ফটোসেশনের একপর্যায়ে উপস্থিত এমপিদের সঙ্গে একটি সেলফিও তোলেন বার্নহ্যাম।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'কিয়ার আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কঠিন সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।'
স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সেই দৌড়ে অ্যান্ডি বার্নহ্যামকে অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।