নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল পুলিশের বিশেষ অভিযানে কাশিয়ানী উপজেলায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জনসাধারণের চলাচল এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. আরিফ উজ জামান, জেলা প্রশাসক, বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, গোয়েন্দা সংস্থার সদস্য, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসার সদস্যরা মাঠে থেকে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি লেখা পর্যন্ত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোন সহযোগী সংগঠনের কোন কার্যক্রমের খবর পাওয়া যায়নি।