ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পরই পাকিস্তান সফরে পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার একদিন পরই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদে তার এই রাষ্ট্রীয় সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এটি পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার পরপরই তার এ সফর শুরু হয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই আলোচনায় চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে।

আলোচনার পরপরই পাকিস্তান সফরে যাওয়ার মাধ্যমে পেজেশকিয়ান আন্তর্জাতিক সমঝোতাকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চাইছেন। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক রেজা খানজাদেহ বলেন, 'এই সফর পেজেশকিয়ানের জন্য পাকিস্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' 

সফরকালে পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।

দুই দেশের নেতারা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।