নারী কেলেঙ্কারি, দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয় যে, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতি সংক্রান্ত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে, যা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এর প্রেক্ষিতে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০’-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। তবে এই ভাতা পাওয়ার শর্ত হিসেবে তাকে কর্তৃপক্ষের প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। এছাড়া, এ কে এম আরিফ উদ্দিনের শূন্যপদে বিআইডব্লিউটিএ-এর প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের পাশাপাশি বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।