হোয়াটসঅ্যাপের নতুন প্রধান ভারতের কুনাল শাহ

ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহকে হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে মেটা। কোম্পানিটি তাদের বিশাল ব্যবহারকারীভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্মকে আরও লাভজনক করার কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার রাতে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে মেটা জানায়, কুনাল শাহের প্রতিষ্ঠিত ভোক্তা অর্থায়ন কোম্পানি ‘ক্রেড’-এ তারা ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ রাউন্ডের নেতৃত্ব দেবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

মেটার প্রধান মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, কুনাল শাহ ক্রেডকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার উদ্যোক্তা মনোভাব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্যোক্তা কুনাল শাহ ভারতের ফিনটেক খাতে সুপরিচিত একটি নাম। তিনি ২০১৮ সালে 'ক্রেড' প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি একটি পেমেন্ট স্টার্টআপ গড়ে তোলেন, যা পরে ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিলের কাছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

তিনি ভারতের অন্যতম সক্রিয় অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবেও পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শাহ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বহু স্টার্টআপে বিনিয়োগ করে থাকেন।

ক্রেড শুরুতে ক্রেডিট কার্ড বিল সময়মতো পরিশোধে ব্যবহারকারীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে এটি সম্পদ ব্যবস্থাপনা, বীমা ও ঋণসেবাসহ বিভিন্ন আর্থিক সেবায় বিস্তৃত হয়।

বিশ্লেষকদের মতে, এই অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ মেটা বর্তমানে বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে মেসেজিং প্ল্যাটফর্ম থেকে নতুন আয়ের উৎস তৈরি করার চেষ্টা করছে।

ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজারগুলোর একটি, যেখানে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তবে পেমেন্ট সেবা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে অ্যাপটি এখনো সীমিত অগ্রগতি দেখিয়েছে।

চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপ ভারতে ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চালু করে, যার মাধ্যমে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো সুবিধা পাওয়া যাচ্ছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে কুনাল শাহ বলেন, হোয়াটসঅ্যাপের বর্তমান সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে ব্যবধান অনেক বড়, যা কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

তার এই নিয়োগকে ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগ প্রতিষ্ঠান ব্লুম ভেঞ্চার্সের সজিথ পাই বলেন, এটি ভারতের স্টার্টআপ খাতের জন্য অত্যন্ত ইতিবাচক খবর এবং কুনাল শাহ এখন আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন।