সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর এ আদেশ জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। তবে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। আজই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।
সিলেটে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা ও নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।