ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বান্দরবান থেকে গ্রেপ্তার

ভোলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‌্যাব-১৫ চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে বান্দরবান থেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বান্দরবান সদর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শাহজামাল (৫০) নামে ওই ব্যক্তিকে। তিনি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‌্যাব জানায়, গত ১৬ জুন দুপুরে শাহজামাল চানাচুরের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে ১৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই র‌্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে প্রযুক্তিগত সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়।

পরে র‌্যাব-৮ ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বান্দরবান সদর এলাকা থেকে পলাতক শাহজামালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।