শ্যালিকাকে ধর্ষণের দায়ে ভগ্নিপতির যাবজ্জীবন

ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের দায়ে ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার (২৩ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। 

দণ্ডিত ব্যক্তির নাম ফজলুল করিম। ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি)  মো. আকবর আলী বলেন, আসামি ফজলুল করিমের বিরুদ্ধে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই ঘটনায় অপর একটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

জানা গেছে, ২০২২ সালের ৩১ অক্টোবর শ্যালিকাকে ফুচকা খাওয়ানোর কথা বলে অপহরণ করে ধর্ষণ করেন ভগ্নিপতি ফজলুল করিম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন। আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।